top of page
nirab_edited.png

Neerav Satya

"আমারস্থানকোথায়"

  • Writer: remoiaf2017
    remoiaf2017
  • Feb 15
  • 2 min read

Updated: Feb 16

একজন এসে বলে—

“আমি তোমাদের রক্ষক, বাঁচতে চাইলে আমাকে ভোট দাও।”

আরেকজন বুক ফুলিয়ে চিৎকার করে—

“তোমার ধর্ম বিপদে! তুমি যদি আজ না জাগো, কাল বাঁচবে না।”

কেউ বলছে—

“আমাকে জেতাও, তোমাদের জন্য স্বপ্নের মন্দির বানিয়েছি।”

অন্যজন দাঁত বের করে বলছে—

“তোমরা পাশে থেকো, মসজিদ এখানেই উঠবে, এটাই সিদ্ধান্ত।”

তৃতীয় জন?

সে নাকি নিরপেক্ষ !

কিন্তু একটু থামলে,

গলি-ঘুপচির অন্ধকারে দাঁড়ালে,

তার কথার গায়েও একই পুরনো গন্ধ—

ধর্ম, জাত, বিভাজন,

শুধু রঙটা আলাদা।

এদিকে কিছু মানুষ খুশি—

কারণ তাদের মন্দির হয়েছে।

আবার কিছু মানুষ গর্বিত—

কারণ তাদের মসজিদ উঠবে।

হাসছে সবাই ।

কিন্তু কাঁদছে একটা প্রজন্ম—

যাদের কাঁধে বইয়ের ব্যাগের বদলে

ঠেলে দেওয়া হচ্ছে ঘৃণার ব্যথা।

আমি জিজ্ঞেস করি—

আমার স্থান কোথায়?

যে মানুষ তার সংসার বাঁচাতে চায়,

ছেলের হাত ধরে হাঁটতে হাঁটতে মনে মনে ভাবে—

“ও মানুষ হোক, মানুষের মত মানুষ”—

তার স্থান কোথায়?

যারা চায় দেশ এগিয়ে যাক,

ধূলিধূসর রাস্তায় কোড লিখুক,

খু৺টি সাজানো রাজনীতির গর্ত নয়—

উড়ুক মহাকাশে, দাঁড়াক প্রযুক্তির আলোয়—

তাদের স্থান কোথায়?

যারা স্বপ্ন দেখে—

মন্দির-মসজিদ, ঈশ্বর-নবী—

সবাই মানুষের ভিতরেই থাকুক,

আর বাইরে গড়ে উঠুক শুধু স্কুল, কলেজ,

হাসপাতাল, গবেষণাগার—

যারা মনে করে

দেশের উন্নতি তখনই,

যখন ঈশ্বরের ঘর বাড়ে না,

বরং মানুষের ঘর—

জ্ঞান আর চিকিৎসার ঘর—

ক্রমাগত বড় হয়,

তাদের স্থান কোথায়?

কেন আমার শিশুর ভবিষ্যৎ

তাদের মঞ্চের মাইক হয়ে যাবে?

কেন আমার বাড়ির শান্তি

তাদের ব্যানারের আগুনে পুড়ে যাবে?

কেন আমার স্বপ্নের আকাশ

ধর্মের ধোঁয়ায় কালো হয়ে যাবে?

আজ আমি প্রশ্ন রাখি—

বাতাসে নয়,

রাজনীতির ঘরে নয়,

ধর্মের দেয়ালে নয়—

মানুষের বুকের ভেতর।

যেখানে তোমরা মন্দির-মসজিদ গুনছ,

আমি সেখানে গুনছি—

কত মানুষ হাসপাতালের দরজায় মরছে,

কত শিশু পাড়ার স্কুলে

ভাঙা বেঞ্চে বসে ভবিষ্যৎ খুঁজছে,

কত মা ওষুধের অভাবে

রাতভর ছটফট করে কাঁদছে।

আমি ধর্ম চাই না—

আমি চাই আলো।

আমি বিভাজন চাই না—

আমি চাই শক্তি।

আমি মন্দির চাই না, মসজিদও নয়—

আমি চাই লাইব্রেরি, ল্যাব,

চাই বিজ্ঞান, চিকিৎসা,

চাই এমন রাস্তা

যেখানে মানুষ হাঁটবে মানুষ হয়ে।

তাই আবার বলছি—

আমার স্থান কোথায়?

যে মানুষ ধর্মের নামে নয়,

মানুষের নামে বাঁচতে চায়—

তার স্থান কোথায়?

যদি প্রশ্নের উত্তর না পাও,

তাহলে বুঝে নিও—

আমাদের স্থান

রাজনীতির মঞ্চে নয়,

তাদের ঘোষণায় নয়,

তাদের প্রতিশ্রুতির ফাঁকে নয়—

আমাদের স্থান

আমাদের হাতেই।

আমাদের চিন্তায়।

আমাদের পরিবর্তনে।

যেদিন মানুষ জেগে উঠবে—

ধর্মের নামে নয়,

স্বপ্নের নামে—

সেদিন আর কাউকে জিজ্ঞেস করতে হবে না—

“আমার স্থান কোথায়?”

আমরা নিজেরাই বলব—

এ দেশ মানুষের,

মানুষই তার শক্তি।

---✍️ Remo.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page