top of page
nirab_edited.png

Neerav Satya

বাবা-ফেলেআসাদিনগুলি

  • Writer: remoiaf2017
    remoiaf2017
  • Feb 14
  • 2 min read

Updated: Feb 16

ছোটবেলায় মনে পড়ে

বাবা মানেই যেন এক শব্দ — “নিয়ম”

ঘুম থেকে ওঠা, স্কুলে যাওয়া, পড়া শেষ করা,

বাইরে না ঘোরা —

সব জায়গায় যেন তাঁর গলা

আর মায়ের গলা?

শুধু ভালোবাসার মতো কোমল।

তখন বুঝিনি

বাবা যে ভালোবাসতেও জানত,

শুধু দেখানোর ভঙ্গিটা ছিল অন্যরকম।

যখন মা মুছে দিত চোখের জল,

বাবা শুধু বলত — “কাঁদিস না, বড় হ।”

তখন মনে হতো —

বাবার মন কি পাথর?

আজ বুঝি

হয়তো বা তার চোখেও জল আসত, কিন্তু তিনি ফিরিয়ে দিতেন,

কারণ এক বাবা জানে —

তার কান্না ছেলেকে দুর্বল করে দেয়।

রাত জেগে মায়ের গল্প শোনা,

আর পাশের ঘরে টেবিল ল্যাম্পের নিচে

বাবার ক্যালকুলেটর আর খাতা নিয়ে বসা —

ওটা ছিল সংসারের যুদ্ধক্ষেত্র।

যেখানে প্রতিদিন তিনি লড়তেন

আমাদের ভবিষ্যতের জন্য।

আমরা জানতাম না,

ওই খাতার অঙ্কগুলোতে ছিল

আমাদের স্কুল ফি,

আমাদের অষুধপত্র, চাওয়া পাওয়া..

আর তাঁর অপূর্ণ ইচ্ছেগুলোর যোগ-বিয়োগ।

তখন ভালোবাসা মানে ছিল —

মায়ের কোলে মুখ লুকানো।

বাবার ভালোবাসা ছিল —

এক অদৃশ্য দেয়াল,

যার পেছনে দাঁড়িয়ে থাকতাম আমরা নিরাপদে...

কিন্তু দেয়ালটার দিকে ফিরেও তাকাতাম না।

বছর কেটে গেছে

আমিও এখন একটা চাকরি করি,

নিজের সংসার সামলাই,

রাত জেগে বিল মেলাই —

আর ঠিক তখনই বুঝি,

বাবার প্রতিটি শব্দের ভেতর কতটা ছিল অশ্রু,

প্রতিটি শাসনের নিচে কতটা ছিল স্নেহ।

আজ বুঝি

যখন তিনি বলতেন — “এইটা কিনতে হবে না এখন”,

তখন সেটা কৃপণতা নয় —

একটা মাপজোখ করা ভালোবাসা,

যেখানে তিনি নিজেকে বাদ দিয়ে

আমাদের রাখতেন অগ্রাধিকারে।

আজ মায়ের পুরনো অ্যালবাম খুলে দেখি,

বাবার একটা ফ্যাকাসে ছবি —

পাশে লেখা “পিকনিক ১৯৯0”

আমি কচিকাঁচা মুখে হাসছি,

আর বাবা দূর থেকে তাকিয়ে আছেন —

যেন বলছেন, “তুই হাসলেই তো আমার উৎসব।”

কিন্তু আজ

যখন বুঝতে পারি বাবার চোখের ভাষা,

বাবা আর নেই।

বাড়ির উঠোনে এখন শুধু তাঁর চেয়ারটা ফাঁকা,

তবুও প্রতিদিন ফিরে যাই ওখানে,

চুপচাপ বসে থাকি কিছুক্ষণ,

হাওয়ায় পাই তাঁর গলার আওয়াজ —

“সাবধানে চলিস রে সময় মতো খাস।”

তখন বুকের ভেতর ভারি হয়ে ওঠে

মনে হয় —

এইবার যদি একবার বলতে পারতাম —

“বাবা, আমি তোমাকে ভালোবাসি।”

কিন্তু সেই শব্দগুলো পৌঁছায়

এক অনন্ত আকাশের ওপারে,

যেখানে বাবারা নিঃশব্দে শুনে যান

সন্তানের বিলম্বিত ভালোবাসা।

আজ আমি নিজেই বাবা

আমার সন্তানও হয়তো আমায় কঠিন ভাবে,

কিন্তু আমি জানি,

একদিন সেও বুঝবে —

ভালোবাসা সবসময় উচ্চারিত হয় না,

কখনো কখনো তা শুধু

বাবার নীরব ছায়ায় বেঁচে থাকে।

— ✍️ Remo.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page