শেকড়েরডাক
- remoiaf2017
- Feb 14
- 1 min read
আজকাল ওর বইয়ের পাতায়
দেখি —বিশ্বের মানচিত্র খুলে যায় ইংরেজি অক্ষরে
তবু আমি খুঁজি,
সেই ছোট্ট বাংলা বর্ণমালা —
যেখানে “অ” মানে অমল, “আ” মানে আকাশ
ওর স্কুলে দেশ মানে এখন — “Global Village”...
মাটির গন্ধের জায়গায় ঢুকে গেছে
কম্পিউটারের পিক্সেল, ড্রোনের শব্দ
আমি চুপ করে শুনি —
ও বলে “Papa”
আর আমার বুকের ভেতর “বাবা” শব্দটা হারিয়ে যায়।
আমি জানি —
এই যুগে মানচিত্র বদলে গেছে,
ভাষার দেয়াল ভেঙে গেছে,
আজ প্রতিযোগিতা শুধু পাশের বেঞ্চে নয়,
পৃথিবীর পর্দার ওপারে!
তাই ওকে পাঠাই সেই Central School-এ,
যেখানে স্বপ্ন শেখানো হয় ইংরেজিতে
তবু রাতে যখন ও ঘুমায়,
আমি ওর কপালে হাত রেখে বলি —
“বাবা তুই বাংলা ভুলিস না
এই ভাষাতেই তো তোর প্রথম কান্না বাজত।”
ও জানে না —
আমি অফিসে ইংরেজিতে ইমেইল লিখলেও,
মনের মধ্যে এখনও “অ আ ক খ” গুনে চলি
ও জানে না,
আমি চাই ও উড়ুক পুরো পৃথিবী জুড়ে,
তবু যেন মনে রাখে —
ওর মাটির গন্ধ কেমন,
ওর দেশের রোদে ধান কেমন ঝলমল করে।
আমি জানি —
যে সন্তান শেকড় ভুলে যায়,
সে কখনো পুরোপুরি উড়তে পারে না
আর যে সন্তান নিজের মাটি চিনে রাখে,
সে আকাশ ছুঁয়েও ফিরে আসে —
ভালোবাসার ছায়ায়।
— ✍️ Remo.




Comments